গাইবান্ধা সদর থানার পুলিশ ক্লাব থেকে গত শনিবার বিকেলে জাভেদ হোসেন (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ময়না তদন্ত শেষে জাভেদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার সময় বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানতে পারে। জাভেদ হোসেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার দিয়ারারচর ফকিরের পাড়া গ্রামের মৃত আহসান উল্লার ছেলে ও সদর থানায় কর্মরত ওসি (তদন্ত) মুজিবর রহমানের ভাগিনা।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মুজিবর রহমান জানান, জাভেদ গাইবান্ধা সদর উপজেলার ভগবানপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থেকে গাইবান্ধা শহরে সিএনজি চালিত অটোরিক্সা চালাতো। মাঝে মাঝে তিনি গাইবান্ধা সদর থানার পুলিশ ক্লাবেও রাত যাপন করতো। গত শুক্রবার রাতেও সদর থানার পুলিশ ক্লাবে ছিলেন জাভেদ।
গাইবান্ধা সদর থানার (ওসি) খান মোঃ শাহরিয়ার বলেন, শনিবার দুপুর পর্যন্ত ঘুম থেকে না উঠায় জাভেদকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলের দিকে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার উপস্থিতিতে ওই কক্ষের দরজা ভেঙে ভিতরে ঢুকে জাভেদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হূদরোগে আক্রান্ত হয়ে জাবেদের মৃত্যু হয়েছে।