গ্যাসের মূল্যবৃদ্ধি ও ‘জনদুর্ভোগের’ বাজেটের প্রতিবাদে আজ রবিবার সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। বিএনপি ও গণফোরাম ইতিমধ্যে এ হরতালের সমর্থন জানিয়েছে। সর্বাত্মক হরতাল পালনে বাম জোটের পক্ষ থেকে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে গত ১ জুন এ হরতালের ডাক দেয় বাম জোট। হরতালের সমর্থনে বাম জোট গতকাল রাজধানীতে বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছে। বাম জোটের শরিক দলগুলোর ছাত্র সংগঠন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিলও করেছে।