নারায়ণগঞ্জের আড়াইহাজারে সতের বছরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার (১৭ মে) সকালে ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে অজ্ঞাত ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে বুধবার গভীর রাতে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় অজ্ঞাত ৫-৬জন যুবক ঘরের দরজা ভেঙ্গে তরুণীর হাত পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা ৫-৬ জন লোক দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে (১৭) বছরের তরুণীকে মুখ চেপে ধরে নিয়ে যায়। ঘর থেকে বের করে তাদের বাড়ির ডান পাশে ভিকটিমের অপর এক আত্মীয়ের খালি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষকরা তরুণীর মাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়।
স্থানীয় কাউন্সিলর মোমেনুল হক শুভ জানান, মেয়েটির বাড়ি একটি নদীর পাশে। এই এলাকার জুয়া বখাটেদের আড্ডা থাকে। তারা এই ঘটনা ঘটাতে পারে। ঘটনাটি মর্মান্তিক। আমরা এই সঠিক বিচার চাই।
মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, পূর্ব কোনো শক্রতা থেকে এই ঘটনা ঘটাতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তারের পুলিশ অভিযানে নেমেছে। ওই নারীকে পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ পাঠানো হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকরা গ্রেপ্তার হবে।