শরণখোলায় ২০০ মিটার বেড়িবাঁধ দোকানসহ বলেশ্বরে বিলীন

শরণখোলায় গতকাল শনিবার পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের গাবতলা এলাকায় দুটি দোকানঘরসহ ২০০ মিটার বেড়িবাঁধ বলেশ্বর নদীতে বিলীন হয়েছে। ১০টি পয়েন্টে বেড়িবাঁধ ফাটল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীর তীব্র সে াতে এ ভাঙন হয়েছে বলে এলাকাবাসী জানায়। এতে প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে।

দক্ষিণ সাউদখালী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলা আশার আলো মসজিদ এলাকার বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার এলাকা আকস্মিকভাবে বলেশ্বর নদীতে দেবে যায়। এ সময় গাবতলা গ্রামের নূর মোহাম্মদ খানের একটি মুদি দোকান ও একটি মাছের ডিপোঘর নদীতে বিলীন হয়ে যায়। এতে ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানি নূর মোহাম্মদ খান জানান। এছাড়া ১০টি পয়েন্টে ফাটল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসী প্লাবিত হওয়ার আতঙ্কে রয়েছেন বলে গাবতলা গ্রামের একজন বাসিন্দা আরিফুল ইসলাম জানান। বর্তমানে ঐ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। এ ব্যাপারে বাপাউবোর ‘সিইআইপি’ প্রকল্পের খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, যাতে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে সে জন্য আগামীকালের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় রিংবাঁধ নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।