ব্রিজ থেকে সত্-মার ছুড়ে ফেলা সেই শিশুর লাশ নদী থেকে উদ্ধার

শহরতলীর টুকেরবাজার ব্রিজের ওপর থেকে সত্-মার ছুড়ে ফেলা শিশু মাহার (৫) লাশ সুরমা নদীর অদূরে লামাকাজি এলাকায় শনিবার ভেসে উঠলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। গত শুক্রবার বিকালে শিশুটিকে নদীতে ফেলে হত্যার ঘটনায় আটক সত্-মা সালমাকে (২৮) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় শনিবার। জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ জানান, ব্রিজ থেকে শিশুকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় শুক্রবার ঐ শিশুর বাবা জিয়াউল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় শিশু মাহার সত্-মা ও জিয়াউলের দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে।

পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার বিকালে টুকেরবাজার সেতু থেকে সুরমা নদীতে সতিনের পাঁচ বছর বয়সী শিশুকন্যা মাহাকে ফেলে দেয় সালমা বেগম। এসময় স্থানীয় লোকজন সালমা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে সালমা বেগমের দাবি, তিনি মাহাকে নিয়ে সেতুর রেলিংয়ে বসেছিলেন। এসময় অসাবধানতাবশত মাহা নদীতে পড়ে যায়। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামের আবুল হোসেন বলেছেন, তিনি সে সময় মোটরসাইকেলযোগে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ঐ মহিলাকে নদীতে কিছু একটা ছুড়ে ফেলে দিতে দেখেছেন।