রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ তিনদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় এসে পৌঁছেছেন। তার সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মালয়েশিয়ার শ্রমবাজার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। আজ রবিবার সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে। এছাড়া বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন।

সূত্র জানায়, ২০১৭ সালের আগস্টের পর থেকে মিয়ানমার সেনারা রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের পরিকল্পিত নিধন অভিযান শুরু করে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে মালয়েশিয়া সরব থাকলেও জোটের ভূমিকা জোরালো নয়। এ অবস্থায় রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ানে মালয়েশিয়ার আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাবে বাংলাদেশ।

অন্যদিকে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খোলার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনা হতে পারে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের নিয়মিত বিরতিতে আলোচনা ও যোগাযোগ চলছে। সফর শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল সোমবার ঢাকা ত্যাগ করবেন।