বাসে যাত্রী তুলে ডাকাতি ও অপহরণ করে ওরা

অপহরণকারী চক্র ও ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে র্যাব-১। শনিবার রাতে আবদুল্লাহপুর ও আশুলিয়া থেকে তাদের আটক করা হয়। আটক যুবকদের নাম ইমরান, জিহাদ আলী, শান্ত হোসেন, জুলহাস হোসেন, রকিবুল হাসান, রাকিবুল ইসলাম, হাবিবুর রহমান, নাঈম মিয়া ও বাবুল হোসেন। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, পাঁচটি ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহূত দু’টি বাস জব্দ করা হয়েছে। তারা যাত্রীবেশে মানুষকে অপহরণের পর তাদের সর্বস্ব ছিনিয়ে নিত এবং তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ও  করত। গতকাল রবিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ একটি অপহরণকারী চক্রের সদস্য। তারা ডাকাতিও করে থাকে। তারা বাস নিয়ে রাত ৮টার পর আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়ক, সাভার, গাজীপুরের চন্দ্রা এলাকায় চলাচল করে। তারা যাত্রীবেশে বাসে বসে থাকে। পরে রাস্তা থেকে সাধারণ যাত্রীদের বাসে তোলে। সুযোগমত বাসের দরজা বন্ধ করে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ছাড়া অপহরণের পর মুক্তিপণও আদায় করে। জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছে, অনেকক্ষেত্রে বাসের মধ্যে আটকে রেখে যাত্রীদের মারধর করা হতো। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যাত্রীদের স্বজনের কাছ থেকে মুক্তিপণের টাকা নেওয়ার পর ছাড়া হতো যাত্রীদের। নির্জন সড়কে নারী যাত্রীদের শ্লীতাহানি করতো বলেও তারা স্বীকার করেছে র্যাবের কাছে।