তৃতীয় হয়েই শেষ করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকার শেষ ছয় আসরে পঞ্চমবারের মতো শীর্ষ তিনে থেকে প্রতিযোগিতাটি শেষ করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ঘটনাবহুল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে তারা হারিয়েছে ২-১ ব্যবধানে।

টুর্নামেন্টের শুরুটা যাচ্ছেতাইভাবে শুরু করেছিল কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। কলম্বিয়ার কাছে ২-০ গোলের হারের পর প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে প্রতিযোগিতা থেকেই বিদায়ের আশঙ্কা জেগেছিল লিওনেল মেসিদের। তবে এর পর থেকেই ক্রমে পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল আর্জেন্টিনার। কাতারের বিপক্ষে দুই গোলে জয়ের পর কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলাকেও একই ব্যবধানে হারায় মেসির দল। সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারা ম্যাচেও বেশ গোছানো ফুটবলই খেলছিল স্ক্যালোনির দল।

এর ধারাবাহিকতা বজায় ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও। শুরু থেকেই দুরন্ত প্রতি-আক্রমণের পসরা সাজিয়ে বসা আলবিসেলেস্তেরা এগিয়ে যায় ১২ মিনিটে। মেসির বাড়ানো বল থেকে গোলটি করেন সার্জিও আগুয়েরো। এরপর জিওভানি লো সেলসোর পাস থেকে টুর্নামেন্টে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলা পাওলো দিবালা চিলির জাল খুঁজে পেলে চালকের আসনে চলে যায় কোচ লিওনেল স্ক্যালোনির দল। প্রথমার্ধের শেষ দিকে মেসির লাল কার্ডের পর কিছুটা বিচলিত আর্জেন্টিনা ৫৯ মিনিটে গোল হজম করে বসে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন চিলির আর্তুরো ভিদাল। তবে এরপর আর সমতায় ফেরা হয়নি চিলির। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বাজে রেফারিং সত্ত্বেও দলের এমন পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মেসি। দলের প্রশংসায় তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে, দল টুর্নামেন্টটা ভালোভাবেই শেষ করছে। এখানকার অসম্মানজনক কর্মকাণ্ডের খেসারত দিতে হয়নি আমাদেরকে। আমি শান্তভাবে মাথা উঁচু করেই প্রতিযোগিতা থেকে যাচ্ছি। দলটি নিয়ে আমি বেশ গর্বিত, যারা তাদের সর্বস্ব মাঠে ঢেলে দিয়েছে। আমি আশা করব দলটা তাদের প্রাপ্য সম্মানটা পাবে। তাদের অনেক কিছু দেওয়া বাকি।’

দলের চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করে মেসি বলেন, ‘টুর্নামেন্টজুড়ে দলটা বেশ চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। হার এবং একটা ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা মোটেও সহজ কাজ নয়। এটা আমাদেরকে আরো শক্তিশালী করে তুলেছিল এবং আমরা বেশ ভালোভাবেই প্রতিযোগিতাটি শেষ করেছি।’