শাহিনে ভবিষ্যত্ দেখছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

উঠতি পেসার শাহিন শাহ আফ্রিদির পারফরমেন্সে পেস আক্রমণে নিজেদের উজ্জ্বল ভবিষ্যত্ দেখছে পাকিস্তান। বিশেষ করে তার পারফরম্যান্সে মুগ্ধ দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সফলভাবে একটি বিশ্বকাপ মিশন শেষ করায় আফ্রিদির প্রশংসা করে তাকে পাকিস্তানের ভবিষ্যত্ তারকা হিসেবে অভিহিত করেছেন পেস কিংবদন্তি আকরাম।

লর্ডসে গত শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষ ৩৫ রানে ছয় উইকেট নিয়ে বিশ্বকাপে পাকিস্তানে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন এ তরুণ পেসার।

শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সত্ত্বেও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলেরই সমান ১১ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত হয় কিউইদের। তবে সেমিতে উঠতে না পারলেও আফ্রিদি ও কয়েকজন উঠতি তারকার চোখ ধাঁধানো পারফরমেন্স দেশটির আগামী দিনে আশার আলো দেখাচ্ছে।

১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ওয়াসিম বলেন, শাহিনের উন্নতি দেখতে পেরে তিনি মুগ্ধ। বার্তা সংস্থা এএফপিকে সাবেক বাঁহাতি তারকা বলেন, ‘অবশ্যই শাহিন ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য একটি আলোক বর্তিকা। শাহিন কঠোর পরিশ্রমী এবং খুব দ্রুত শিখতে পারে এগুলোই তাকে একটা অবস্থানে নিয়ে যাবে।’

নিজেদের চতুর্থ ম্যাচে টনটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শাহিনকে সেরা একাদশে অন্তর্ভুক্ত করে পাকিস্তান। তাকে এত দেরিতে মাঠে নামানোয় বিস্ময় প্রকাশ করেন ওয়াসিম। তিনি বলেন, ‘শাহিন একজন উইকেট শিকারি বোলার এবং বিশ্বকাপের আগেই তা জানা গেছে। সুতরাং আমি বুঝতে পারছি না; শুরু থেকেই কেন তাকে নামানো হলো না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই মাত্র ২০ বলের মধ্যে তিন উইকেট শিকার করেন শাহিন এবং কলিন মুনেরা, রস টেইলর এবং টম লাথামকে আউট করে নিজের উপস্থিতি জানান দেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানে চার এবং বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ছয় উইকেট শিকার করেন তিনি। সবচে কম ১৯ বছর ৯০ দিন বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েন শাহিন। এ ক্ষেত্রে ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার কলিনস ওবওয়ার ২১ বছর ২১২ দিনের রেকর্ডকে ছাড়িয়ে যান পাকিস্তানি এ বোলার। পাঁচ ম্যাচে ১৬ উইকেট শিকার করা শাহিন বলেন, ‘এমন পারফরমেন্স করতে পেরে আমি আনন্দিত। তবে আমি এটাও নিশ্চিত যে, এটা কেবলমাত্র শুরু এবং ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের পর্যায়ে যেতে আমাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে।’-বাসস