চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন

খুলনার তিন উপজেলায় প্রচারণায় সরব প্রার্থীরা

আগামী ৫ জুন চতুর্থ ধাপে খুলনা জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে রূপসা ও বটিয়াঘাটা উপজেলায় ত্রিমুখী এবং দাকোপ উপজেলায় চতুরমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তবে, ভোট নিয়ে ভোটারদের মধ্যে কোনো মাতামাতি না থাকলেও প্রচারণায় সরব প্রার্থীরা।

রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো তাপ-উত্তাপ নেই। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রূপসা উপজেলায় মোট ভোটারসংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৩৫৬ জন। বটিয়াঘাটা উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮০৬ জন। ছয় জন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে পাঁচ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও তিন জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাকোপ উপজেলায় এবার চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাত জন ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাকোপ উপজেলায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৮৩ জন। খুলনা জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগের দিন সব সরঞ্জামাদি ভোটকেন্দ্রে পৌঁছাবে। ভোটের দিন ভোরে ব্যালট পেপার স্ব স্ব কেন্দ্রে সরবরাহ করা হবে।

চেয়ারম্যান পদে দ্বিমুখী লড়াইয়ের আভাস

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, আগামী ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন পদে ১৪ জন প্রার্থীর ব্যাপক প্রচার-প্রচারণায় নির্বাচনি মাঠে উত্তাপ ছড়াচ্ছে। তবে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী হলেও মূলত লড়াই হবে গত দুই বার উপজেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগ নেতা মো. খোরশেদ আলম  (দোয়াত-কলম) ও  বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া ছাত্রলীগ নেতা মুহাম্মদ এমরানুল হকের (আনারস) সঙ্গে। তাদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আরো দুই জন মাঠে আছেন। এছাড়া পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত জন প্রার্থী। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিন জন প্রার্থী।

শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলায়। এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় আটটি ইউনিয়নে ১৫৫টি গ্রাম রয়েছে। মোট ভোটার ১ লাখ ৪৫ হাজার ৭৯৭ জন।

ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী চতুর্থ ধাপে ৫ জুন চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের প্রচারণায় সরগরম রয়েছে এখানের নির্বাচনি মাঠ। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের জন্য ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীদের সাদা-কালো পোস্টার শোভা পাচ্ছে উপজেলা শহরের প্রতিটি হাট-বাজার এবং গ্রামের রাস্তা-ঘাটে। প্রতিদিন প্রার্থী এবং তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে। এ উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এছাড়া পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, চরফ্যাশন উপজেলায় ২১টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ২১৫ জন।