রাবিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

রাবি সংবাদদাতা

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।

রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধ কর্মসূচি পালন করেন। এর আগে, সকাল ৮টায় হরতাল সমর্থনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে জড়ো হয় বাম জোটের নেতা-কর্মীরা। ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাওয়ার সময় তারা বাধা প্রধান করেন।

ছাত্র ফেডারেশনের রাবি শাখার সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন বলেন, জনগণের ন্যায্য দাবির সমর্থন জানিয়ে আমরাও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হরতাল পালন করছি।

এ বিষয়ে পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক এফএম আলী হায়দার বলেন, গাড়িগুলো বের হওয়ার সময় বামজোটের নেতা-কর্মীরা এসে সামনে শুয়ে চলাচলে বাধা প্রধান করে। তাই দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু থাকার পরেও বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের।