মিঠাপুকুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত এক

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাছেন আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার আহত হন।

রবিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাছেন আলী পূর্ব বৈরাগীগঞ্জ এলাকার দিনমজুর আবেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের সাথে রংপুরগামী কাঁচামালবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি উলটে সড়কের পাশে খাদে পড়ে পিকআপের যাত্রী হাছেন আলী ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় পিকআপের চালক ও হেলপারকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।