খুলনা অফিস
খুলনায় অত্যাধুনিক বিদেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক (এম-এল) নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. জহিরুল ইসলাম ওরফে লাল্টু গাজীকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ রূপসা উপজেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন বাস মালিক সমিতির অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার লাল্টুর বিরুদ্ধে আটটি হত্যা ও একটি হত্যা প্রচেষ্টার মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা থানার বাগমারা গ্রামের পূর্ব রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন বাস মালিক সমিতির অফিসের সামনে অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ওরফে লাল্টু গাজীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লাল্টু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির লাল্টু বাহিনীর প্রধান। সে এতদিন আত্মগোপনে থেকে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জসহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন স্থানে অবস্থান করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। লাল্টু একটি নিজস্ব বাহিনী গড়ে তুলে ভাড়াটিয়া হিসাবে খুন, ডাকাতি ও সুন্দরবন এলাকায় বনদস্যু বাহিনীর সহায়তায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। তার বিরুদ্ধে খুলনার ফুলতলা, খানজাহান আলী, খুলনা সদর থানা, আড়ংঘাটা থানা এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যা মামলা রয়েছে।