বাম জোটের ঢিলেঢালা হরতাল

গ্যাসের বাড়তি দাম না কমালে ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা গতকাল রবিবার সারাদেশে আধাবেলার হরতাল ঢিলেঢালাভাবে শেষ হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টার হরতালে বাম জোটের নেতাকর্মীরা রাজধানীর কয়েকটি স্থানে খণ্ড মিছিল ও পথসভা করলেও নয়াপল্টনে দুটি গাড়ি সামান্য ভাঙচুর ছাড়া কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। নগরীতে বৃষ্টির মধ্যে চলা হরতাল শেষে পল্টন মোড়ে এক সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে আগামী ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ঐ দিন জাতীয়                 প্রেসক্লাবের সামনে সমাবেশের কর্মসূচিও রেখেছে বাম জোট।

হরতাল শেষে পল্টন মোড়ে সমাবেশে মোশাররফ হোসেন নান্নু বলেন, দেশের মানুষের অতি প্রয়োজনীয় হলো গ্যাস; এই গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সব পণ্যের দাম বাড়বে, কারখানার উত্পাদন খরচ বেড়ে যাবে; এর প্রভাব পড়বে সাধারণ জনগণের ওপর। তিনি বলেন, ‘আমরা সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই। সরকার যদি আমাদের এই আহ্বান না মেনে নেয়, তাহলে ১৪ জুলাই সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।’

বাম জোটের সমন্বয়ক বলেন, ‘১৪ জুলাই মন্ত্রণালয় ঘেরাও ও সমাবেশের পরেও সরকার আমাদের দাবি মেনে না নিলে ১৯ জুলাই বাম দলগুলো প্রতিনিধি সম্মেলন করে পরবর্তী সময়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে। এর পরও সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কর্মসূচির মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়া হবে।’

সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘জনগণের দাবি আদায়ে রাজপথে আছি। দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। সরকারকে বলব, জনগণের দাবির কাছে নতি স্বীকার করুন।’

এর আগে হরতালের মধ্যে রাজধানীর পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চানখারপুল, বকশীবাজার, লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর, কাকরাইল ও হাইকোর্ট মোড়ে থেমে থেমে বৃষ্টির মধ্যেই মিছিল করেন সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনসহ জোটভুক্ত বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। পল্টনে মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। মিছিল চলাকালে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই মিছিলটি বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে আবার নয়াপল্টনে এসে অবস্থান নেয়। হরতালকারীরা নয়াপল্টনে দুটি গাড়ি সামান্য ভাঙচুর করে। এ সময় পুলিশ দুজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়।