সড়ক দুর্ঘটনা রোধে রংপুর মহানগরীতে শিক্ষার্থীসহ পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে আঁকা হচ্ছে থ্রিডি বা ত্রিমাত্রিক জেব্রাক্রসিং। রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে পরীক্ষামূলকভাবে নগরীর গুরুত্বপূর্ণ দুটি মোড়ে এ থ্রিডি জেব্রাক্রসিং আঁকা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের দ্বিতীয় কোনো নগরী হিসেবে থ্রিডি জেব্রাক্রসিং পদ্ধতির ব্যবহারে নাম লেখাল রংপুর সিটি করপোরেশন। এর আগে বরিশাল সিটি করপোরেশন এলাকায় থ্রিডি জেব্রাক্রসিং আঁকা হয়।
গত শনিবার রাত থেকে রংপুর মহানগরীর জিলা স্কুল মোড় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পিচ ঢালা রাস্তার বুকে রং তুলির ছোঁয়ায় থ্রিডি জেব্রাক্রসিং আঁকতে দেখা যায়।
কাশফিয়া কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান থ্রিডি জেব্রাক্রসিং অঙ্কনের কাজটি করছে। ১ জুলাই হতে শিল্পী কামরুল হাসানের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে ছয়জন চিত্রশিল্পী এ কাজে যুক্ত রয়েছেন।
শিল্পী কামরুল হাসান বলেন, ‘গত চার দিন ধরে রাতে এ কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দুটি স্কুলের মোড়ে থ্রিডি জেব্রাক্রসিংয়ের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। দু-এক দিনের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে। এ কাজে প্রায় ৬০ হাজার টাকা ব্যয় হচ্ছে।’
এদিকে, রংপুর সিটি করপোরেশনের মেয়রের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড বলেন, ‘সড়ক দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে নগরীর দুটি স্কুলের মোড়ে থ্রিডি জেব্রাক্রসিং আঁকা হচ্ছে। দু-একদিনের মধ্যে এর উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে এসব থ্রিডি জেব্রাক্রসিং আঁকা হবে।