পঞ্চগড়ে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে ছোট ছেলে ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে জেলা শহরের রৌশনাবাগ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার এসআই মো. শাহিন বলেন, শনিবার রাতেই নির্যাতিত বৃদ্ধা তার ছেলে মারুফ হোসেন, পুত্রবধূ ইনসানা বেগম এবং নাতি হূদয়ের বিরুদ্ধে তাকে মারধর করে স্বামীর ভিটেছাড়া করার চেষ্টার অভিযোগে পঞ্জগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী মা হাফিজা খাতুন বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রতীক কুমার বণিক বলেন, বৃদ্ধাকে যথাযথ চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে আশঙ্কার কোনো কারণ নেই।
স্বামীর ভিটাবাড়ি ছেড়ে অন্য ছেলের বাড়ি না যাওয়ায় শনিবার পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনয়িনের গলেহা ফুলপাড়া এলাকায় আশি বছরের বৃদ্ধা মা হাফেজা খাতুন তার ছোট ছেলে ফারুক হোসেন, পুত্রবধূ ইনসানা এবং নাতি হূদয় মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
তবে থানা হাজতে থাকা অভিযুক্ত ছেলে মারুফ হোসেন তার মাকে মারধর করেননি বলে দাবি করে বলেন, বাড়ির ভিটের জমিজমা নিয়ে ভাইদের সঙ্গে দ্বন্দ্বের জেরে অন্য ভাইয়েরা তার মাকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে ব্যবহার করছে।