কেরোসিন ও বোরকা বিক্রেতার সাক্ষ্য ও জেরা সম্পন্ন

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গতকাল রবিবার বেলা ১১টায় কেরোসিন বিক্রেতা ও বোরকা বিক্রেতার সাক্ষ্য ও জেরা গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল কেরোসিন বিক্রেতা লোকমান হোসেন লিটন, বোরকা বিক্রেতা জসিম উদ্দিন ও তার দোকান কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদ ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের               সামনে সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের ১৬ জন আইনজীবী সাক্ষীদের জেরা করেন। দুপুর ২টা ১৫ মিনিটে সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষ হলে আদালতের বিচারক আজ সোমবার সাক্ষী রাশেদুল হাছান রায়হান ও মোহাম্মদ জহিরুল ইসলামের সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের আইনজীবীদের জেরা করার দিন ধার্য করে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। গতকাল চার্জশিটভুক্ত ১৬ জন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।