চট্টগ্রামে আনোয়ারা উপজেলার পাহাড় থেকে গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে চায়না ইকোনমিক জোন-সংলগ্ন পাহাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ দাবি করছে, অন্তঃকোন্দলের কারণে প্রতিপক্ষের গুলিতে মারা গেছে আবদুর নুর। সে উপজেলার বৈরাগ ইউনিয়নের আবদুস সাত্তারের ছেলে। নুরের বিরুদ্ধে ছিনতাইয়ের তিনটি মামলা রয়েছে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, গার্মেন্টস কর্মীকে প্রথমে নুর পরে পলাতক আসামি শহীদ ধর্ষণ করেছে। পরে অন্য দুজন ধর্ষণ করেছে। ওসি বলেন, ছিনতাই করা মালামালের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধের কারণে গুলিবিদ্ধ হয়ে নুর ঘটনাস্থলে মারা যায়। সকালে স্থানীয়রা কৃষিকাজ করতে গেলে লাশটি দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, গার্মেন্টস কর্মী ধর্ষণের ঘটনায় জড়িত চারজনই ছিনতাইকারী চক্রের সদস্য। তারা সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে টাকা, মালামাল ও দামি জিনিসপত্র ছিনিয়ে নেয়। গত ঈদের আগে শহর থেকে বাজার করে যাওয়ার সময় এক যাত্রীর কাছ থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয় নুর। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান ওসি দুলাল মাহমুদ।