শরণখোলায় রবিবার সকালে বেড়িবাঁধ ভেঙে বলেশ্বর নদীর জোয়ারের পানি প্রবেশ করা শুরু করে। তাতে দক্ষিণ সাউথখালীর গাবতলা এলাকা প্লাবিত হয়েছে। অর্ধশতাধিক পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে।
রবিবার দুপুরেও নতুন করে প্রায় আড়াইশ মিটার এলাকা বেড়িবাঁধ বলেশ্বর নদীতে বিলীন হয়। এ সময় আরও একটি মুদি দোকান ও একটি মাছের ডিপো নদী গর্ভে চলে গেছে।
দক্ষিণ সাউদখালী ওয়ার্ডের সাউদখালী ইউপি সদস্য মোঃ জাকির হোসেন জানান, রবিবার দুপুরে বলেশ্বর নদীর জোয়ারের পানিতে দক্ষিণ সাউদখালীর গাবতলা গ্রাম প্লাবিত হয়েছে। মানুষের বাড়িঘরে পানি ওঠায় তাদের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। ১৫/২০ টি পুকুর ডুবে মাছ ভেসে গেছে।
তিনি আরও বলেন, রবিবার সকালে নতুন করে বেড়িবাঁধের প্রায় আড়াইশ ফুট এলাকা নদীগর্ভে চলে গেছে। এ সময় সেলিম হাওলাদারের মুদি দোকান ও মাছের ডিপো ঘর নদীতে বিলীন হয়েছে। বাড়ি ঘরের চুলায় পানি ওঠায় রবিবার দুপুরে তাদের রান্না হয়নি।
গাবতলা গ্রামের গৃহবধূ রুপিয়া বেগম, নূর মোহাম্মদ খান, জাকির হোসেন, আরিফুল ইসলাম ও কবির হাওলাদার জানালেন, নদী ভাঙনের ফলে তিনি নূর মোহাম্মদের বাড়িতে সাময়িক আশ্রয় নিয়েছিলেন সেখানে আজ পানিতে তলিয়ে যাওয়ায় এখন কোথায় যাবেন সে চিন্তায় তিনি দিশেহারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে গাবতলা আশার আলো মসজিদ এলাকার বেড়িবাঁধের প্রায় দুইশ’ মিটার এলাকা আকস্মিকভাবে বলেশ্বর নদীতে দেবে যায়। এ সময় গাবতলা গ্রামের নূর মোহাম্মদ খানের একটি মুদী মনিহারী দোকান ও একটি মাছের ডিপোঘর নদীতে বিলীন হয়ে যায়। এতে ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানী নূর মোহাম্মদ খান জানান। দশটি পয়েন্টে বেরীবাধ ফাটল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বর্তমানে ওই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। নদী শাসন ছাড়া বেড়িবাঁধ নির্মাণের কাজ চলায় বেড়িবাঁধের স্থায়িত্ব নিয়ে মানুষের মাঝে প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে বাপাউবোর ‘সিইআইপি’ প্রকল্পের খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম মুঠোফোনে বলেন, সাউদখালী ইউনিয়নের গাবতলায় বেড়িবাঁধ নদীতে বিলীন হবার খবর তিনি শুনেছেন জরুরী ভিত্তিতে রিংবাঁধ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শণ করে ফিরে এসে বলেন, ‘বেড়িবাঁধের দুটি পয়েন্টে ভেঙ্গে গেছে। সেগুলি অবিলম্বে মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
ইত্তেফাক/নূহু