কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটাতে প্রায় ১১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার দুপুরে র্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার আ.ন.ম ইমরান খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পূর্ব বালারহাট গ্রামের ছোমাদ আলীর ছেলে মাহাবুব আলী এবং পশ্চিম বালারহাট গ্রামের সাবান মন্ডলের ছেলে আমিনুর ইসলাম।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৩ রংপুরের একটি টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বটতলা বাজারে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে মাহবুবের পকেটে ৫০০ এবং আমিনুরের পকেটে ৫৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় রবিবার সকালে র্যাব-১৩ এর ডিএডি রবিউল আলম বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করে আটকদের পুলিশে সোপর্দ করেন।
আরও পড়ুন: রিফাত হত্যার ঘটনায় মূল ভূমিকা পালন করে রিফাত ফরাজি
কচাকাটা থানার ওসি মামুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু

