সংকটে কংগ্রেস নেতৃত্ব, এবার পদত্যাগ সাধারণ সম্পাদকের

ভারতের কংগ্রেস দল সংকটে পড়েছে। দলটির সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগের পর এবার সরে দাঁড়ালেন দলটির জাতীয় সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একইদিনে পদত্যাগ করেছেন মুম্বাই কংগ্রেসের প্রধান তরুণ নেতা মিলিন্দ দেওরা। ধারণা করা হচ্ছে, রাহুল গান্ধী সরে যাওয়ায় তরুণ নেতারা ক্ষুব্ধ। তারা রাহুলের পাশে দাঁড়াতেই পদত্যাগ করেছেন। লোকসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের দায়ভার নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন স্বয়ং রাহুল গান্ধী। এক টুইটার বার্তায় সিন্ধিয়া জানান, জনতার রায় মেনে ও হারের দায় স্বীকার করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলাম আমি, রাহুল গান্ধীর হাতে আমি আমার ইস্তফাপত্র তুলে দিয়েছি। -এনডিটিভি