আওয়ামী লীগের উপদেষ্টা হলেন ইনাম আহমেদ চৌধুরী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন ইনাম আহমেদ চৌধুরী। গতকাল রবিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। তবে ঐ সময় দলীয় কোনো পদে তাকে রাখা হয়নি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিগত ২২ ও ২৩ অক্টোবর, ২০১৬ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। তবে শেষ পর্যন্ত সেই আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পান খন্দকার আবদুল মুক্তাদির। এরপরই দল বদলান তিনি। গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তবে ঐ সময় তিনি বলেছিলেন, বিএনপির মনোনয়ন না পেয়েই তিনি দল ছেড়েছেন— এমন কথা পুরোপুরি ঠিক নয়।