ইতালিতে শুরু হয়েছে শিল্পোন্নত সাত দেশ জি সেভেনের শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন। আজ শুক্রবার অভিবাসন, আফ্রিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা এআইসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও আর্থিক নিরাপত্তা, রাশিয়ার প্রতি চীনের সমর্থন ও চীনে শিল্পখাত নিয়েও কথা বলবেন নেতারা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
পোপ ফ্রান্সিস সম্মেলনে উপস্থিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতোসহ অন্তত ১০ দেশের রাষ্ট্রপ্রধান জি সেভেনের সম্মেলনে অংশ নেবেন।
এর মাধ্যমে জি সেভেন যে কোনো আলাদা ও এক্সক্লুসিভ ক্লাব নয় সেটি দেখানোর চেষ্টা করা হবে।
সম্মেলনের প্রথম দিনে জি সেভেন নেতারা ইউক্রেনকে এ বছর ৫০ বিলিয়ন ডলার ঋণ দিতে একমত হয়েছেন। এক্ষেত্রে রাশিয়ার জব্দ করা সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করা হবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই সিদ্ধান্তকে ‘অনেক ঐতিহাসিক পদক্ষেপ' বলে আখ্যায়িত করেছেন। আগামীকাল শনিবার সম্মেলন শেষ হবে।