কোরবানির আগে মাংসের বাজারের হালচাল

কোরবানির ঈদের আর মাত্র দুদিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে বাজারে ক্রেতাদের তেমন ভিড় না থাকলেও এখনো চড়া রয়েছে মাংসের বাজার। আজ শুক্রবার রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, সোনালি মুরগি ছাড়া সব ধরনের মুরগির দাম বেড়েছে। তবে আগের দামেই পাওয়া যাচ্ছে গরু ও খাসির মাংস।

রাজধানীর রায়সাহেব বাজার, নয়াবাজার ও শ্যামবাজার ঘুরে দেখা যায় কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়। দেশি মুরগি পাওয়া যাচ্ছে ৭০০-৭৫০ টাকায়। সাদা লেয়ার ও লাল লেয়ার বিক্রি হচ্ছে যথাক্রমে ২৯০ ও ৩৫০ টাকায়। তবে ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে সোনালি মুরগির দাম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এছাড়া জাতভেদে হাঁস বিক্রি করা হচ্ছে ৬০০-৭০০ টাকা প্রতিপিস।

মুরগির বাড়তি দামের কারণ জানতে চাইলে যানবাহন সংকটের কথা উল্লেখ করেন বিক্রেতারা। তারা জানান, ঈদের কারণে ট্রাক-পিকআপে গরু আসছে। ফলে মুরগির বাজারে কিছুটা সংকট চলছে। তাই পাইকারি ও খুচরা বিক্রিতে দাম বেড়েছে।

এদিকে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০-৮০০ টাকায়। এছাড়া প্রতিকেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায়। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। গরুর মাংস বিক্রেতারা বলছেন, ঈদে অনেক মানুষ গ্রামে চলে যাওয়ায় বাজারে ক্রেতা কমেছে। তবে গরুর দাম না কমায় মাংসের দামও কমানো সম্ভব হচ্ছে না।