সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড ঘোষণা অচিরেই

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংসদকে জানিয়েছেন, সংবাদপত্রের নবম মজুরি বোর্ড ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সব অংশীজনের সঙ্গে সভা করেছে। অচিরেই নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে। গতকাল রবিবার সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর একটি লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান। তথ্যমন্ত্রী হাছান মাহমুদের অনুপস্থিতিতে গতকাল বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। নিউজ পোর্টালগুলোয় যেন বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রকাশিত না হয়, তার জন্য ব্যবস্থা  নেওয়া হবে।

তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সাংবাদিকেরা স্বাধীন সংবাদ পরিবেশনে বাধাগ্রস্ত হচ্ছেন কি না, জাতীয় পার্টির (জাপা) এমপি পীর ফজলুর রহমানের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য সরকার আন্তরিক।