ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ বাতিল করার জন্য গভর্নিং বডির চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে ঢাকা বোর্ড। গতকাল রবিবার গভর্নিং বডির চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খানের কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া যথাযথ না হওয়ায় এই নিয়োগ বাতিল করা হলো। ‘উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগের বিধিমালা অনুসরণপূর্বক অধিকতর বিশ্বাসযোগ্য ও বিতর্কমুক্ত নিয়োগ কার্যক্রম পুনরায় আরম্ভ করার জন্য অনুরোধ করা হলো।’
তবে ঢাকা বোর্ডের ঐ সার্কুলারে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে ভিকারুননিসায় ৫ সদস্যের নিয়োগ কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত না করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা উল্লেখ করা হয়নি।
শিক্ষাসচিব সোহরাব হোসাইন কমিটিতে সদস্যদের অন্তর্ভুক্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা ছিল তা উল্লেখ না করার জন্য ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে মৌখিকভাবে নির্দেশনা দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, আমাদের আগের আদেশটিতে কিছুটা ভুল হয়েছে। এটা আইনসিদ্ধ হয়নি। তবে সেটা বাতিল করা হবে না। বোর্ড থেকে ভিকারুননিসা স্কুলে যে চিঠি দেওয়া হবে সেটাই মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু জিয়াউল হক সাংবাদিকদের বলেন, সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে থাকলে সেটা শিক্ষা মন্ত্রণালয় নেবে। এটা বোর্ডের কাজ না। বোর্ডের পক্ষ থেকে ভিকারুননিসাকে যেভাবে চিঠি দেওয়া প্রয়োজন সেভাবেই দেওয়া হয়েছে। অধ্যক্ষ নিয়োগের বিষয়ে পুনরায় কার্যক্রম শুরু করার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, স্কুলটির গভর্নিং বডির যে সদস্যরা এ নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তারা তো এখন আর নেই, এখানে নতুন কমিটি হয়েছে। ফলে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ নেই।
ভিকারুননিসার গভর্নিং বডির প্রাক্তন সভাপতি গোলাম আশরাফ তালুকদার বলেন, নিয়োগ কমিটিতে অন্তর্ভুক্ত করা না করার বিষয়ে মন্ত্রণালয় যে চিঠি দিয়েছিল তা বাতিল করা হয়েছে।