এখন থেকে বিচারকের নামের আগে কোনো উপাধি ব্যবহার করা যাবে না। গতকাল রবিবার হাইকোর্ট এমন নির্দেশনা দিয়েছে। আদালত বলেছে, অধস্তন আদালতের জজ বা ম্যাজিস্ট্রেটদের নামের আবে ‘ডক্টর’ বা ‘ব্যারিস্টার’ শব্দ ব্যবহার করার সুযোগ নেই। একজন বিচারক সবসময়ই বিচারক। তার নামের আগে কোনো উপাধি ব্যবহারের প্রয়োজন হয় না। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
সিটি কলেজের প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ও খেলার খরচ বাবদ টাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয় আয়াজ হককে। এ ঘটনায় নিহতের বাবা অ্যাডভোকেট সহিদুল হক বাদী হয়ে ইনজামামুল ইসলাম ওরফে জিসানসহ ৫ জনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন। এই মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। সাক্ষ্য গ্রহণের একপর্যায়ে রাষ্ট্রপক্ষের ৫ জন সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য আসামি জিসানের পক্ষে রিকল আবেদন দাখিল করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার বিশেষ দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান ওই রিকল আবেদন খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আসামি জিসান। আবেদনের উপর শুনানিকালে বিচারক মো. আখতারুজ্জামানের নামের আগে ‘ড.’ উপাধি এর ব্যবহার দেখতে পান। তখন হাইকোর্ট এ ধরনের উপাধি ব্যবহার না করার জন্য অধস্তন আদালতের বিচারকদেরকে নির্দেশনা দেয়। একইসঙ্গে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয় আদালত।