দেশের উন্নয়নে ভূমিকা রাখা এবং দারিদ্র্য নিরসনে বেসরকারি খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোর (এনজিও) কাজের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে এনজিওগুলো। একই সঙ্গে দেশের উন্নয়নে সমান অংশীদার হিসেবেও স্বীকৃতি চায় তারা। গতকাল রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী জাতীয় সম্মেলনে দেশের তৃণমূল পর্যায় থেকে আসা নাগরিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা এসব দাবি জানিয়েছেন।
‘মানবিক সহায়তা ও উন্নয়নে ইতিবাচক সম্পৃক্ততার জন্য জবাবদিহিতা ও স্থানীয়করণ’ শীর্ষক ওই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পিকেএসফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিও ও নাগরিক সংগঠনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সংসদ সদস্য আরমা দত্ত, এনজিও ব্যুরোর পরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম প্রমুখ।