শ্রীনগরে স্বর্ণের দোকানে ডাকাতি, দোকানদার জখম

শ্রীনগরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার সিংপাড়া বাজারের দোকান ‘পূজা স্বর্ণ শিল্পালয়’ থেকে ৩২ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় মুখোশধারী ডাকাতদল। এসময় দোকানদার নেপাল রায়কে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পূজা স্বর্ণ শিল্পালয়ের কর্ণধার টোটন রায় জানান, তার ভাই নেপাল রায় দোকানে ঘুমিয়ে ছিল। গভীর রাতে মুখোশধারী প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল অতর্কিতে কাঠের দরজা ভেঙে দোকানে প্রবেশ করে। এসময় নেপাল রায় তাদের বাধা দিতে গেলে ডাকাতরা তাকে মাথায়, বুকে ও হাতে কুপিয়ে জখম করে দোকানের দুইটি লোহার সিন্দুক ভেঙে ৩২ ভরি স্বর্ণালঙ্কার ২৫০ ভরি রুপা, নগদ প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। গুরুতর আহত নেপাল রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।