গাজীপুরে পাঁচ ডাকাত আটক

গাজীপুরে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উত্তর সালনার শাহ ফছীহ পাগলার মাজারের দক্ষিণ পাশে হেলিবোর্ড বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো- নগরীর ভিমবাজার এলাকার আব্দুল বাছেদের ছেলে মো. জুয়েল রানা, উত্তর সালনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. খোকন মিয়া, বাহাদুরপুর এলাকার মৃত আ. খালেকের ছেলে মো. মফিজুল আলম ওরফে মোরশেদ, পোড়াবাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে মো. আবু তাহের ও সালনা এলাকার জলিল মোক্তারের ছেলে মো. মেহেদী হাসান ওরফে রনি। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু,  ১টি ছুরি ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ভিমবাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত্ তারা গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে টাকাপয়সা, মোবাইল, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট ছাড়াও পথচারী নারীদের গণধর্ষণ করে আসছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।