আড়াইহাজারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার

আড়াইহাজারে সিংহদী মোতালিব ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফানুর হককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উচিত্পুরা ইউনিয়নের আতাদী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে স্কুলের সভাপতি মোতালিব ভুঁইয়ার দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয় প্রধান শিক্ষক আফানুরকে। স্কুলের সভাপতি মোতালিব ভুঁইয়া জানান, স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে ৩ মাস আগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অভিযুক্ত প্রধান শিক্ষক আফানুর হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের সভাপতি ক্ষমতার অপব্যবহার করে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করেন। আমি এর বিরুদ্ধে গত ১৭ জুন নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ কোর্টে একটি মামলা দায়ের করি। যার নং ৬০/২০১৯ইং। উক্ত মামলায় আমাকে কেন বহিষ্কার করা হয়েছে এই মর্মে বিদ্যালয়ের সভাপতি মোতালিব ভুঁইয়া, তার স্ত্রী দাতা সদস্য নাসিমা বেগমসহ কমিটির সকল সদস্যদের ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান শিক্ষক আফানুরের ভাই এনামুল হক বলেন, স্কুলের সভাপতি ক্ষমতার অপব্যবহার করে আমার ভাইকে বহিষ্কার ও মিথ্যা মামলা দিয়েছে। আমি এর সুষুম তদন্ত চাই। শিক্ষক আফানুরকে রবিবার কোর্টে প্রেরণ করা হয়েছে।