বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর আলো আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিসিবি।
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন আলমগীর আলো। চিকিৎসার জন্য আমেরিকায়ও গিয়েছিলেন। চিকিৎসা শেষে দেশে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফিরেই তাকে ভর্তি করা হয় বনানীর একটি হাসপাতালে। সেখানেই আজ সকালে মারা যান বর্ষিয়াণ এ ক্রীড়া সংগঠক।
আলমগীর আলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে রয়েছেন দীর্ঘকাল ধরে। দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেটে ছিল তার সম্পৃক্ততা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবে কয়েক মেয়াদে ছিলেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছিলেন।