পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের ৬৪ জেলায় কোরবানির মাংস বিতরণ করেছে। সোসাইটির ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় সাড়ে ৯ হাজার পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৮ জুন) রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সজারের রোহিঙ্গা শিবিরের ৯ ও ১৭ নম্বর ক্যাম্পে প্রায় ৪ হাজার পরিবার ও ৬৪টি জেলায় প্রায় সাড়ে পাঁচ হাজার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্টের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের স্থানীয় প্রশাসন, সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশনের কর্মকর্তারা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের কর্মকর্তারা, যুব স্বেচ্ছাসেবক ও দাতা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে রোহিঙ্গা শিবিরে মাংস বিতরণ করা হয়।
এছাড়া অন্যান্য জেলায় রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিট লেভেল কর্মকর্তা ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা মাংস বিতরণ করেন।
সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এমইউ কবীর চৌধুরীর নির্দেশক্রমে কোরবানির মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোসাইটির চেয়ারম্যান আগামীতে তুরস্ক ও কাতার রেড ক্রিসেন্টের মতো দেশের ধনী ও বিত্তবান ব্যক্তিদের রেড ক্রিসেন্টের মাধ্যমে কোরবানির মাংস বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি দাতা সংস্থাসহ যুবসদস্য ও মহৎ এ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তুরস্ক রেড ক্রিসেন্টের সহায়তায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ও কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় দেশের ৬৪ জেলায় মাংস বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।