রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখমের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে ফুঁসে উঠেছে ইউনিয়নবাসী।
সোমবার (২৪ জুন) সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে আসামিদের গ্রেপ্তারের দাবিতে ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন দাদশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাকির শেখ, আব্দুল বারেক শেখ, আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা হাসিবুর রহমানসহ অনেকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে থামে। বিক্ষোভ মিছিল শেষে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৮ জুন রাতে সিংগা নিজাতপুর বাজার সংলগ্ন এলাকায় দাদশী ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার শেখকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ এবং বোন রোজিনাও হামলার শিকার হন। ঘটনার পর ইউপি চেয়ারম্যানের বাবা আব্দুল কুদ্দুস শেখ বাদী হয়ে বিএনপি নেতা আকবর খানসহ ১৮ জনের নামে মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।