রাজবাড়ীতে একটি পাকিস্তানি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে ‘কালা মানিক’ নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর)সকালে পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী।
আটক যুবক আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১)। তিনি উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় আরাফাত হোসেনের বসতঘরে তল্লাশি চালানো হয়। পরে তার ঘরে থেকে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি পাকিস্তানি সচল রিভলবার ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মো. রাসেল আলী আরও জানায়, এ বিষয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়েরের পর আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।
পাংশা মডেল থানার ওসি মঈনুল ইসলাম বলেন, রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক বিরোধী অভিযানে অস্ত্র, গুলিসহ একজনকে আটক করেছে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।
