সংবাদ সম্মেলনে অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ধর্ষণচেষ্টার ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক গৃহবধূ। অভিযুক্ত ওই নেতার নাম লিটন সরকার। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌরসভায় সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগ জানান নির্যাতনের শিকার গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা। 

এ সময় ওই গৃহবধূ বলেন, গত ১ জুন রাত সাড়ে ১০টার দিকে লিটন আমার স্বামীর অবর্তমানে জোর করে ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। তাকে নিষেধ করলে আমাকে নানারকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে আমার স্বামী ঘরে আসলে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তার কাছে আমার স্বামীর স্বাক্ষরিত ৪টি ব্যাংক চেক রয়েছে। ঘটনার পর থেকে ওই চেক দিয়ে আমার স্বামীর নামে চেক জালিয়াতির মামলা করার হুমকি দিচ্ছে লিটন। 

লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও বলেন, দুটি সন্তান ও স্বামী নিয়ে লিটন সরকার ও তার পালিত গুন্ডাবাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। তারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। 

নির্যাতনের শিকার ওই নারীর বড় ভাই নাইম বলেন, লিটন সরকারের বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খোলার সাহস পায় না। তার বিরুদ্ধে অভিযোগ তুললেই মামলা দিয়ে হয়রানি করে।

এ বিষয়ে অভিযুক্ত লিটন গণমাধ্যমকে বলেন, আমাকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে আহত করার ঘটনায় ওই নারীর স্বামীর বিরুদ্ধে আমি একটি মামলা করি। সেটি ধামাচাপা দিতে তিনি এমন মিথ্যা অভিযোগ করেছেন। প্রমাণ পেলে যা শাস্তি হয় আমি মাথা পেতে নেব।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, ভুক্তভোগী এক নারী লিটন সরকারের নামে ধর্ষণচেষ্টার অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে, সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।