ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলছে ভারতের মেয়েরা। প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনে গেল শুক্রবার স্কোর বোর্ডে ৫২৫ রান তোলে হারমানপ্রিতের দল, যা ছেলে ও মেয়েদের টেস্ট ক্রিকেটের এক দিনে সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার ছেলেদের দখলে। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে এক দিনে ৫০৯ রান করেছিল লঙ্কানরা।
এছাড়াও এই ম্যাচে এক ইনিংসে ৬০৩ রান তুলে লিড ঘোষণা করে ভারতের মেয়েরা, যা মেয়েদের এক ইনিংসে সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মেয়েদের দখলে। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই নয় উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।
এছাড়াও চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের দুই ওপেনার মিলে সংগ্রহ করে ৩৫৪ রান। এর মধ্যে ওপেনার শেফালি ভার্মা মাত্র ১৯৪ বল খেলে করেন ডাবল সেঞ্চুরি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে এই রেকর্ড ছিল ২০ বছর বয়সী অজি ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ডের দখলে।
চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি। সেই সঙ্গে দ্বিতীয় ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পান। এর আগে ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন মিতালি রাজ, যা ছিল কোনো ভারতীয় নারী ক্রিকেটারের প্রথম ডাবল সেঞ্চুরি।