তিলে তিলে জনপ্রিয় ব্যান্ড ‘এলআরবি’ গড়ে তোলেছেন আইয়ুব বাচ্চু। এই ব্যান্ডকে নিয়েই কিংবদন্তি এই শিল্পী গেয়েছেন জনপ্রিয় অনেক গান। যেগুলো এখনো মানুষের মুখে মুখে আজও শোনা যায়।
আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পর সঙ্কটে পড়ে এলআরবি। ভাঙ্গা-গড়ার মধ্যেই ঘুরপাক খেতে থাকে। ভক্তদের চমকে দিয়ে এলআরবির নতুন ভোকাল হিসেবে বালামের নাম ঘোষণার পর জল আরো ঘোলা হয়। ব্যান্ডের সদস্যদের একে অপরের মধ্যে তৈরি হয় অনাস্থা। গুঞ্জন উঠে এলআরবি ভেঙ্গে যাওয়ার। সবশেষ বিভিন্ন গণমাধ্যমে এলআরবি ভেঙ্গে যাওয়ার খবরই প্রকাশ হয়। খোঁজ নিয়ে জানা যায়, লিড গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ ও ব্যবস্থাপক শামীম এলআরবির সঙ্গে আর নেই।
এ বিষয়ে এলআরবি ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, আমি এখন আর এলআরবির সঙ্গে নেই। অপরদিকে মাসুদ বলেন, বস (আইয়ুব বাচ্চু) নেই, এলআরবিও নেই।
এদিকে এলআরবি ড্রামার গোলাম উর রহমান রোমেল ও প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সাঈদুল হাসান স্বপন জানান, তারা দুজনে এলআরবিকে এগিয়ে নিয়ে যাবেন।
রোমেল গণমাধ্যমে জানান, বসের পরই ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন স্বপন ভাই। আমরা দুজনে একসঙ্গে আছি। মঞ্চে বাচ্চু ভাইয়ের রুপালি গিটার ও মাইক্রোফোন স্ট্যান্ড সব সময় থাকবে।
বালামের বিষয়ে জানা গেছে, তিনি এলআরবির সঙ্গে যুক্ত হলেও এখন এতে নেই। তাকে এলআরবির সদস্যদের সঙ্গে কোনো গান গাইতে দেখা যায়নি।