আবুল হায়াতকে নিয়ে ইলানের ‘গন্তব্য’

নিয়মিত মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকও নির্মাণ করছেন নির্মাতা ইয়ামিন ইলান। এরইমধ্যে বেশ কিছু সিরিজ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি নির্মাণ করলেন দেশের বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে নিয়ে ‘গন্তব্য’। জামাল হোসেনের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন ইয়ামিন ইলান নিজেই।

নিজের নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নির্মাণের নেশাতেই যেহেতু প্রায় ১ যুগ কাটিয়ে দিলাম। তাই সব মাধ্যমেই কাজ করতে চাই। তবে গানের ক্ষেত্রেও যেমন স্থুল কোনোকিছু করিনি। নাটকের ক্ষেত্রেও করবো না। এ সময়ের জনপ্রিয় থেকে শুরু করে সিনিয়র অভিনেতার সাথে।

‘গন্তব্য’ নাটকে আবুল হায়াতকে অবসরপ্রাপ্ত এক বিচারকের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। আবুল হায়াত বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম বঙ্কেশর রায়। একটি পারিবারিক গল্পের কাহিনি। সবার ভালো লাগবে। কাজটি করে আমার ভালো লেগেছে।’

এ নাটকে আবুল হায়াত ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, ইমতু, তিতান চৌধুরী, রাহুলসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছে ই-নেটওয়ার্ক। এ নাটকটি ১২ জুলাই রাত ১১টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।