বন্ড সুবিধার অপব্যবহার রোধে সম্প্রতি কঠোর হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট বিভাগ। বন্ড কমিশনারেট সূত্র জানিয়েছে, গত মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে ১০৫টি অভিযান পরিচালনা করেছে এ বিভাগ। এসব অভিযানে বন্ড সুবিধায় আনা কাঁচামাল ও অন্যান্য পণ্য খোলাবাজারে বিক্রির প্রমাণ মিলেছে। এ পর্যন্ত প্রায় ১৫৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে এসব অভিযানে। সূত্র জানিয়েছে, বন্ড সুবিধা অপব্যবহার করার অভিযোগে এ পর্যন্ত ২৮১টি প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। এর মধ্যে চারটি আমদানিকারক প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
বিশেষত বন্ডেড ওয়্যারহাউজে আকস্মিক পরিদর্শন, রাত্রিকালীন টহল, বিশেষ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। চোরাই পথে খোলাবাজারে বিক্রয়ের অভিযোগে এখন পর্যন্ত ৪৭টি পণ্যবাহী যানবাহন আটক, পাঁচটি গুদাম সিলগালাসহ মোট ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ফেব্রিক্স, কাগজ, বিওপিপি ফিল্ম, পিপি দানা, ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড। বন্ড সুবিধার অপব্যবহার ঠেকানোর কার্যক্রম জোরদার হওয়ায় রাজস্ব আদায়ও বেড়েছে। বন্ড কমিশনারেট অফিস সূত্র জানিয়েছে, গত চার মাসে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৬৫ শতাংশ।