মৌলভীবাজারে লেবু চাষে লাভবান হচ্ছেন কৃষক

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মৌলভীবাজারে লেবুর বাস্পার ফলন হয়েছে। চাষিরা বাণিজ্যিকভাবে লেবু চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। উত্পাদন বেশি হওয়ায় প্রতিদিন কোটি টাকার লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগের দাবি, কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ায় বাম্পার ফলন হয়েছে।

উঁচু নিচু পাহাড়ি টিলা। সেই টিলায় সারি সারি লেবু গাছ। গাছের গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকা থোকা লেবু হালকা বাতাসে দোল খাচ্ছে। অধিক ফলনের আনন্দে দুলছে চাষিদের মনও। পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে কাগজি, চায়না, জারা, পাতি ও কাটা লেবু চাষ হচ্ছে।

লেবু চাষি সেলিম আহমদ জানান, লেবুর ফলন ভালো হয়েছে। চাহিদাও ভালো। বিক্রি করে লাভবান হওয়া যায়। যদি বাজারটাও ভালো হতো তাহলে দাম বেশি পাওয়া যেতো।

শ্রীমঙ্গল আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জসিম বলেন, এ বছর ভালো ফলন হয়েছে। আশা করি, চাষিরা ভালো দাম পাবে।

ব্যবসায়ী আলমগীর মিয়া জানান, শ্রীমঙ্গলের লেবু ইউরোপ আমেরিকাসহ মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা বলেন, চাষিদের সব ধরনের সহযোগিতা করায় বাম্পার ফলন হয়েছে। শ্রীমঙ্গল থেকে  ট্রাকযোগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা রংপুর দিনাজপুরসহ বিভিন্ন স্থানে  যাচ্ছে। তিনি আরো বলেন, লেবু চাষে পোকা-মাকড় আক্রমণ কম হয়। সেজন্য কৃষকদের খরচও কম।