মহেশপুরে ধান বিক্রি করতে না পেরে দিশেহারা কৃষক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে আমলাতান্ত্রিক জটিলতায় কৃষকদের কাছ থেকে এখনো ধান ক্রয় সম্পন্ন হয়নি। ধান বিক্রি করতে না পেরে কৃষকরা দিশেহারা। এ বছর মহেশপুর থানায় ধান উত্পন্ন হয়েছে এক লাখ ২২ হাজার মেট্রিক টন তার বিপরীতে দুবারে ১৫৫৯ মেট্রিক টন সরকারিভাবে ধান ক্রয় করার কথা। গত তিন মাস পেরিয়ে গেলেও মাত্র ২৬২ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে যা খুবই সামান্য। নানা সমস্যায় কৃষকরা ধান বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে।

মহেশপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাজউদ্দিন বলেন, বর্ষার কারণে ধানের আদ্রতা বেড়ে যাচ্ছে। এই কারণে ধান ক্রয়ের গতি কমে গেছে। আবহাওয়া অনুকূলে আসলে আবারও জোরে-সোরে ধান ক্রয় করা হবে। কিন্তু চাষিদের বক্তব্য ভিন্ন। তারা বলছে- নানা ধরনের অজুহাত সৃষ্টি করে ধান ক্রয় বিলম্ব করা হচ্ছে। যা পরবর্তীতে তাদের ধারণা দালালদের মাধ্যমে ক্রয় করা হতে পারে। অভাবের তাড়নায় আগামী একমাসের মধ্যে চাষিদের হাতে বিক্রি করার মতো কোনো ধান মজুদ থাকবে না।

এ বিষয়ে ক্রয় কমিটির উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল বলেন, ধান ক্রয়ের সব ধরনের সহযোগিতা আমরা করছি, তারপরও আমলাতান্ত্রিক জটিলতায় ধান ক্রয় বাধাগ্রস্ত হচ্ছে।