দেশে নয়, ব্যাংককে হবে নাফিসের চিকিৎসা

ব্রেন স্ট্রোক করার পরে নাফিস ইকবালকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চলছিল তার চিকিত্সা, অবস্থা আগের চেয়ে ভালো। তবে তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে, দেশে নয় ব্যাংককে করা হবে নাফিসের চিকিৎসা।

সবকিছু ঠিক থাকলে আজ রোববার সকালেই দেশ ছাড়ার কথা রয়েছে। গতকাল শনিবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই জানিয়েছিলেন।

তিনি বলেছেন, নাফিসের অবস্থা আগের চেয়ে ভালো আছে। পরিবারের সিদ্ধান্তে তাকে ব্যাংককে নিয়ে চিকিত্সা করানো হবে। বিষয়টি জরুরি এমন নয়।

গত শুক্রবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে নিজ বাসায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটার ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। সে সময়ে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় আনা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছিলেন, নাফিস ইকবালের অবস্থা এখন স্থিতিশীল। তিনি আগের চেয়ে ভালো আছেন।

তিনি আরও জানিয়েছিলেন, ‘তামিম ইকবাল দেশে এসে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।’ শেষ পর্যন্ত পরিবার থেকেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।