চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী কোবাদ। এ সময় কোবাদের মেয়ে ও মেয়ের জামাইকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে মধ্য খডকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল জানান, পারিবারিক কলহের জেরে উপজেলার মধ্য খডকপুর গ্রামের সুলতানের ছেলে কোবাদ নামের এক ব্যক্তি তার স্ত্রী আয়েশাকে কুপিয়ে হত্যা করে। এসময় বাধা দিতে গেলে তার মেয়ে হাবিবা ও জামাই সাদিকুলকেও কুপিয়ে জখম করে। আহতদের দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কোবাদ পলাতক।

কোবাদকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল। তিনি জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।