কুমিল্লায় অটোরিকশা চালকের হত্যাকারী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ভাড়া বেশি চাওয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরেই অটোরিকশা চালক আজিম উদ্দিনকে হত্যা করা হয়েছে। নগরীর হাউজিং এস্টেটে খুন হওয়ার ১৮ দিন পর রবিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ হত্যাকারী মাঈন উদ্দিন ওরফে টিনাকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মাইন সোমবার সন্ধ্যায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জালাল উদ্দিনের আদালতে জবানবন্দি দিয়েছে। ঘাতক মাঈন উদ্দিন নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাতে নগরীর হাউজিং এস্টেটের ১ নম্বর সেকশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার খাসমহল গ্রামের সামছুল আলমের ছেলে অটোরিকশা চালক আজিম উদ্দিন (৩২)। তাকে হত্যার পর মোবাইল ফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মোহা. ইকতিয়ার উদ্দিন জানান, রবিবার রাতে নগরীর চর্থা এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহত আজিমের লুণ্ঠিত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরা উদ্ধার করা।