সাতক্ষীরা সীমান্তে পাচারের সময় এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। রোববার (৭ জুলাই) সকালে সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬৭ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় স্বর্ণেরচালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবরে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সেখানে সকাল সাড়ে সাতটার দিকে এক ব্যক্তিকে ভোমরা সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যেতে দেখে তাকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে স্বর্ণের বারসহ তিনি ধরা পরেন।
বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণসহ আটক ব্যক্তিকে ব্যাটেলিয়ান সদর দপ্তরে নেওয়া হয়েছে।