দুই অধিনায়কের পুরোনো লড়াই

হঠাত্ করেই ব্যাপারটা যেনো সবার সামনে চলে এসেছে। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সে সময় দুই দলের অধিনায়ক ছিলেন যথাক্রমে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। ১১ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। আজ ম্যানচেস্টার ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি সেই ভারত ও নিউজিল্যান্ড। আর মজার ব্যাপারটা হলো, আজও দল দুটি অধিনায়ক কোহলি ও উইলিয়ামসন।

এই একটা মিল দিয়ে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে এই দুই সময়ের সেরা ব্যাটসম্যানের প্রভাব ব্যাখ্যা করা সম্ভব না। ভারত ও নিউজিল্যান্ড ম্যাচকে সোজা ভাষায় বলা যায়, এই আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান কোহলি ও উইলিয়ামসনের লড়াই।

এটা ঠিক যে, উইলিয়ামসন র্যাংকিংয়ে এখন আর দুই নম্বরে নেই। মাঝে সেরা দশের বাইরে চলে গিয়েছিলেন। এখন আছেন ৮ নম্বরে। অন্যদিকে কোহলি আগের মতোই এক নম্বরে আছেন। তারপরও এই সময়ের সেরা তিন ব্যাটসম্যানের নাম বললে কোহলি, রুট ও উইলিয়ামসনের কথা বলতে হবে।

এবার বিশ্বকাপে পারফরম্যান্সের দিক থেকে এখন পর্যন্ত অবশ্য কোহলির চেয়ে উইলিয়ামসন একটু এগিয়ে আছেন। ভারতের হয়ে বেশ কয়েকজন নিয়মিত রান করছেন। মূলত রোহিত শর্মার অবিশ্বাস্য ফর্মই ভারতের মূল চালিকাশক্তি। তিনি টানা পাঁচ সেঞ্চুরিতে এরই মধ্যে ৬৪৭ রান করে ফেলেছেন। কোহলি নিয়মিত রান পেলেও তাই একটু আড়ালে আছেন।

আট ম্যাচে পাঁচটি ফিফটিসহ ৪৪২ রান করেছেন বিরাট কোহলি। রোহিত ওপরের দিকে তাণ্ডব চালালেও ভারতের রানটা বড়ো করায় বড়ো ভূমিকা রাখছেন কোহলি।

সেখানে নিউজিল্যান্ডের প্রধান ভরসাই হয়ে আছেন কেন উইলিয়ামসন। তিনি আট ম্যাচে দুইটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন।

৯৬.২০ গড়ে মোট ৪৮১ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বড়ো স্কোরগুলো আসছে মূলত উইলিয়ামসন ও রস টেলরের ব্যাটে ভর করে।