প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ, তথা দুবাই কাপ দাবা। একটা সময় বাংলাদেশের দাবাড়ুরা এ টুর্নামেন্টে খেলতে যেতেন। এবার নিজেদের দেশে হতে যাচ্ছে বলে খুশি বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান জিয়া।
আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক এ টুর্নামেন্ট শুরু হবে। খেলবে ১১ দেশের ১৪টি দাবা দল। এর মধ্যে বাংলাদেশ হতেই তিনটি দল খেলছে। গতকাল দুপুরে দাবা ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে দাবাড়ু জিয়াউর রহমান বলছিলেন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বাংলাদেশের দলগুলো হচ্ছে গোপালগঞ্জ, নৌবাহিনী ও চট্টগ্রাম সিটি দাবা দল। গোপালগঞ্জ দলে খেলবেন চার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজিব, রিফাত বিন সাত্তার এবং ফিদে মাস্টার ফাহাদ রহমান। ১৯৯০ সালে যে আসরে ঢাকা সিটি চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের দাবাড়ু গ্র্যান্ড মাস্টার জিয়া এবারও খেলছেন। জিয়া বললেন, ‘টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আমরা। সবই নির্ভর করছে পারফরম্যান্সের ওপর।’
নৌবাহিনীতে খেলবেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শাকিল, আহমেদ শেখ নাসির, খন্দকার আমিনুল ইসলাম ও সুব্রত বিশ্বাস। চট্টগ্রাম সিটি দলের দাবাড়ুরা হলেন তাইবুর রহমান, মেহেদী হাসান পরাগ, সৈয়দ মাহফুজুর রহমান, দাবাড়ু জিয়ার ছেলে তাজওয়ার তাহসিন জিয়া ও আবদুল মালেক।
আশির দশক থেকে এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ হয়ে আসছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। পৃষ্ঠপোষক দুবাই বলে এশিয়ার যে দেশেই হোক নাম হয়েছে দুবাই কাপ। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৩ হাজার, রানার্সআপ ২ হাজার এবং তৃতীয় দল ১ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবে। অন্য দলগুলো হচ্ছে নেপাল, ইরান, ভারত, চাইনীজ তাইপে, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মঙ্গোলিয়া।