ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করার সময় খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা। গতকাল রোববার রাত ১০টার দিকে জামালপুরের ইসলামপুর পৌরসভার জেলা পরিষদ ডাকবাংলোয় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ ললাট। তাদের দুজনের বাড়ি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলায়।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে জুতা পড়তে গেলে একজনের পেছনে রিভলভার সদৃশ বস্তু দেখতে পান নেতাকর্মীরা। সে সময় তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশের গিয়ে ওই দুজনকে আটক করে।
ওসি আরও বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ধর্মমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।