আফগানিস্তানের গজনি প্রদেশে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এতে আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক লোক। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রাদেশিক কাউন্সিলের সদস্য হাসান রাজা ইউসাফি জানিয়েছেন, রবিবার গজনি প্রদেশের রাজধানী গজনির গোয়েন্দা ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। আহতদের অধিকাংশ ঐ ভবনেরই পাশের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা এই হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এমন সময় এই হামলার ঘটনা ঘটলো যখন দীর্ঘদিন ধরে চলে আসা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে দোহায় তালেবানদের সঙ্গে সরকার পক্ষের বৈঠক শুরু হয়েছে।
আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খালিজাদ বলেছেন, এ হামলার শিকার যেভাবে শিক্ষার্থীরা রয়েছে তা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। আমি এ ধরনের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।